২১ বছর পর যুবক হত্যা মামলার রায়, দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ২১ বছর আগে যুবক শফিকুল আলম শফিককে কুপিয়ে হত্যার দায়ে দুই ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এ রায় দেন। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সোহেল রানা ওরফে কালু এবং মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম ওরফে নজু।
আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. খলিলুর রহমান খলিল এ তথ্য জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ২২ জুন ভোর সোয়া ৪টার দিকে শফিকুল আলম শফিক বগুড়া থেকে এসআর পরিবহনের একটি বাসে করে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে তিনি বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
এশিয়া সিনেমা হলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. আকবর আলী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০০৬ সালের ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার পরিদর্শক মো. রেজাউল করিম সোহেল রানা ও নাজিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
একই বছরের ২৩ সেপ্টেম্বর আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।




