জবিতে ককটেল বিস্ফোরণ : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

গ্রাফিকস: আগামীর সময়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা অর্থ সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ নাজমুল আলম টুটুল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১১ নভেম্বর কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসামি রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন। তখন জিজ্ঞাসাবাদে আসামি রেজওয়ান স্বীকার করেন, ব্যক্তি, সম্পত্তি, দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। সেখানে উত্তেজিত জনতা তাকে প্রচুর মারধর করে। পরে তাকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসাইন বাদী হয়ে মামলা করেন।




