হত্যা মামলায় সাবেক এমপি আরজু কারাগারে

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর থানার রাজু আহমেদ হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে আসামিপক্ষে কোন আবেদন ছিল না। এর আগে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন এলাকায় জননী কুরিয়া সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখছিল। আন্দোলন প্রতিহত করতে আসামিরা গুলিবর্ষণ করতে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাজু। এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়।



