হত্যা মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখাল আদালত

ছবি: আগামীর সময়
রাজধানীর আদাবর থানার ইসহাক জমাদ্দার হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ পাহারায় তাকে নেওয়া হয় কাঠগড়ায়। তার উপস্থিতিতে শুনানি শুরু হয়।
শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং জানিয়েছেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত তদন্তে প্রাপ্ত আসামি শাহজাহানকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এই অবস্থায় গত ২৪ আগস্ট তাকে আদাবর থানায় হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো. ইসহাক জমাদ্দার গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইসহাকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মামলা করতে অনীহা প্রকাশ করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।







