স্ত্রীর করা দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন

প্রিন্স মামুনকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা - আগামীর সময়
স্ত্রীর করা পৃথক দুই মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। রবিবার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে অন্য কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন মামুনের আইনজীবী।
এ বিষয়ে আইনজীবী পলাশ চন্দ্র রায় জানিয়েছেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি কোটি টাকা যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের মামলায় এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে আত্মহত্যার চেষ্টা মামলায় জামিনের আদেশ দেন। আশা করছি, সোমবার প্রিন্স মামুন কারামুক্ত হবেন।
এদিন কারাগার থেকে প্রিন্স মামুনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার বাদী আতিকিয়া ফাইজাহ মোহনা উপস্থিত ছিলেন। প্রথমে আত্মহত্যার চেষ্টার মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর যৌতুক দাবি করে মারধরের মামলার জামিন শুনানি শুরু হয়। এ সময় বিচারক বাদী মোহনাকে বলেছেন, এটা আপসের মামলা। আপনি আপস করবেন কি না? তখন জবাবে মোহনা জানান, আমি আপস করব না।
বিয়ের কাবিননামা কত, জানতে চাইলে বিচারককে তিনি বলেন, ১০ লাখ টাকা। তখন মোহনাকে বিচারক বলেছেন, আপনি কি সংসার করতে চান? জবাবে তিনি বলেন, না। শুনানি শেষে আসামির কারাবাস থাকায় আপসের শর্তে ১ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ জুলাই কোটি টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগে ভাটারা থানায় মামলা করেন আতিকিয়া ফাইজাহ মোহনা। ওই মামলায় ওই দিনই জামিন আবেদন নাকচ করে মামুনকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে মোহনা বাদী হয়ে আরেকটি মামলা করেন। গত ২৯ জুলাই এ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।






