সংসদ ভবনের সামনে নারী হত্যা, রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

ফাইল ছবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় রিমান্ড শেষে প্যারা পনিসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
অপর দুই আসামি হলেন সেন্ড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।
এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই শাহিন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-২। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর ১৫ মোটরসাইকেল জব্দ করা হয়। পরদিন গত ৩১ আগস্ট আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর জন্য স্বামী আবদুল মতিনের সঙ্গে ঢাকায় আসেন। সেদিন ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট এলাকা দিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন তারা। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়।
ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।






