আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি ফিরোজকে

সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা- আগামীর সময়
যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি নাইম হাওলাদার হত্যা ও আরেকটি তারেক চৌকিদারকে হত্যাচেষ্টা মামলা রয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে ফিরোজ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে তাকে মোট ছয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিন আসামি ফিরোজকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে শুনানি হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এসময় আসামিপক্ষে আইনজীবী কামাল হোসেন বিশ্বাস ও আইনজীবী শফিকুল ইসলাম স্বপন ফিরোজের চিকিৎসা চেয়ে আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থার গ্রহণের নির্দেশ দেন।
এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ আগস্ট ভাটারা থানায় সোহাগ মিয়া হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় গত ৩ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম ভূইয়া হত্যাচেষ্টা মামলায় এবং তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক নাজিম উদ্দিন ফকির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
দুই মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার এলাকাধীন উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করছিলেন নাইম হাওলাদার। এসময় তার বাম কাঁধের সামনের দিকে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া একই বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন এলাকায় তারেক তৌকিদারের রুমমেট শিহাব ছাদে গুলিবিদ্ধ হন। তখন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তারেক নিজেও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনি ২০২৫ সালের ২৬ মার্চ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।





