‘আওয়ামী লীগের পক্ষে মিছিল’, জামিন পাননি আইনজীবী আবুল বাশার

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল বাশার
রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আইনজীবী আবুল বাশারকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সালাহউদ্দিন আল মামুন কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষে আওয়ামীপন্থী অর্ধশত আইনজীবী আদালতের এজলাসে প্রবেশ করেন। একপর্যায়ে তাদের শান্ত থাকতে বলা হয়। একই সঙ্গে আসামির ওকালতনামায় নাম থাকা ছাড়া আইনজীবীদের বের করে দেওয়া হয়। পরে আওয়ামীপন্থী সব আইনজীবী এজলাস ত্যাগ করলে জামিন শুনানি শুরু হয়। তখন কাঠগড়ায় থাকা বাশার আদালতকে জানান, তিনি নিজেই শুনানি করবেন। ওকালতনামা জমা দিয়ে শুনানি শুরু করেন তিনি।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশন এলাকায় লোকজন অ্যাডভোকেট আবুল বাশারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৩১ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে পল্লবীর মেট্রোরেল এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ অপপ্রচার করে মিছিল করছিল। পুলিশ সেখানে গিয়ে কয়েকজনকে আটক করে। আর কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন পল্লবী থানার এসআই সোহান মোল্লা সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।



