রামিসা হত্যায় ডেথ রেফারেন্সের রায় আজ

সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে গতকাল সোমবার। এ বিষয়ে আজ মঙ্গলবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
গতকাল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ জুন হাইকোর্টের এই বেঞ্চ আসামিদের আইনি সহায়তায় আইনজীবী নিয়োগ দিতে সলিসিটরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী আইনজীবী হাফিজুর রহমান খানকে ‘স্টেট ডিফেন্স’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার পক্ষে আইনি লড়াই চালাবেন। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। রামিসা পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা পরিবারের সদস্যদের নিয়ে ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।
তদন্তে উঠে আসে, শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। পরে অপরাধের আলামত গোপন করতে মরদেহ খণ্ডিত করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না খাতুন ও অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত শেষে ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।



