শ্রমিকদের বকেয়া পরিশোধ করে দুই জুট মিল চালুর দাবি

সংগৃহীত ছবি
বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা। একই সঙ্গে ডেমরার এ দুটি মিলসহ দেশের সব বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।
আজ শুক্রবার বিকেলে ডেমরার মালা মার্কেটের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। লতিফ বাওয়ানী ও করিম জুট মিলস রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। এতে সভাপতিত্ব করেন পরিষদের অন্যতম নেতা ও লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিক মোহাম্মদ ইব্রাহিম।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, করোনাকালে পূর্ববর্তী সরকারের সিদ্ধান্তে দেশের ২৪টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সঙ্গে লতিফ বাওয়ানী ও করিম জুট মিলও বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। এতে হাজারো শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।
তিনি অভিযোগ করেন, উৎপাদন বন্ধ থাকলেও কর্মকর্তাদের চাকরি ও সুযোগ-সুবিধা বহাল রয়েছে, অথচ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন।
শ্রমিকদের পক্ষ থেকে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে পাটকলগুলো আধুনিকায়নের প্রস্তাব দেওয়া হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি বলে উল্লেখ করে তিনি জানান, এর ফলে ডেমরা অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে এবং অনেক শ্রমিক অভাব-অনাটন ও চিকিৎসার অভাবে মারা গেছেন। এ সময় দ্রুত লতিফ বাওয়ানী ও করিম জুট মিল পুনরায় চালুর দাবি জানান তিনি।
শ্রমিক নেতা সুলতান মাঝি বলেছেন, সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। বর্তমান সরকার বন্ধ শিল্পকারখানা চালুর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মিলগুলো পুনরায় চালুর উদ্যোগের পরিবর্তে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল বলেছেন, বাজেটে বরাদ্দকৃত অর্থ বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা পুনরুজ্জীবনে ব্যয় করতে হবে। তার অভিযোগ, সরকার ধারাবাহিকভাবে শ্রমিকবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ৪৪টি প্রতিষ্ঠান ইজারা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বললেন, এ ধরনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ঢাকা মহানগরের নেতা শংকর আচার্য, সিপিবির ডেমরা অঞ্চলের নেতা টি. এইচ. মোস্তফা দীপু, শ্রমিক নেতা আয়াত আলী, আক্তার হোসেন, সাইদুল ইসলাম, নূর ইসলাম ও জাহাঙ্গীর হোসেন।




