মায়ের সঙ্গে নামাজ পড়েন ভোরে, একটু পরেই ‘আত্মহত্যা’

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারে নিজ বাসায় আহনাফ তাজুয়ান (২২) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
আহনাফের মামা মো. ফারুক হোসেন জানান, তার ভাগ্নে বনানীর একটি বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষার্থী ছিলেন। তার দাবি, ‘আহনাফ মাদকাসক্ত ছিলেন। একটু মানসিক সমস্যাও ছিল তার।’
তিনি আরও জানান, আজ ভোরে সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার মা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক এসআই সৈয়দ বাইজিদ বলেছেন, ‘ছেলেটা এডিক্টেড ছিল। ঠিকমতো ঘুমাতো না, মানসিক সমস্যা ছিল। ভোরে মা ও ছেলে একইসঙ্গে নামাজও পড়েছে। পরে তার মা ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর ছেলের রুমে বাল্ব জ্বালানো দেখতে পেয়ে এগিয়ে এসে দেখেন তার ছেলে গলায় ফাঁস দিয়েছে।’
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, পরে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহনাফ তেজগাঁও থানার ৯৫ কাজী নজরুল ইসলাম এভিনিউতে পরিবারের সাথে থাকতেন। তার বাবা মো. আলম হোসেন একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন।




