আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঘটে এ ঘটনা।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন আশিয়ান সিটির কার্যালয়ে হামলা চালান। হামলার সময় দুই থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কার্যালয়ের আসবাব ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলামের অভিযোগ, তাদের প্রকল্পের পাশের একটি ভবনের মালিক ভাড়াটে সন্ত্রাসী দিয়ে কার্যালয়ে হামলা করিয়েছেন। হামলার পর মামলা না করতে একটি বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জহিরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম উল্লেখ করে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।




