রাজধানীতে ২ বছরের শিশুকে ‘ধর্ষণ’

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকালে দক্ষিণখান কাওলা টেকবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
শিশুটি ঢামেক হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে। শিশুটির মা জানালেন, তারা কাওলার ওই বাসায় ভাড়া থাকে। শিশুটির বাবা তিন মাসের পেটে রেখে অন্যত্র চলে গেছে। শিশুটিকে নিয়ে তারা ওই বাসায় থাকেন। বাসাবাড়িতে কাজ করেন। শিশুটিকে ঘরে রেখে গেলে প্রতিবেশীরা তাকে দেখে রাখত।
আজ দুপুর ১টার দিকে শিশুটিকে বাসায় রেখে কাজে যায়। দুপুর আড়াইটার দিকে বাসায় এসে শিশুটির পরনের পোশাক ভেজা এবং রক্ত দেখতে পান। তাৎক্ষণিক শিশুটিকে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।
শিশুটির মা অভিযোগ করেন, পাশের বাসার ১০ বছরের এক ছেলেশিশু আমার শিশুর সঙ্গে সার্বক্ষণিক থাকত। সে-ই আমার শিশুর সঙ্গে এমন কাজ করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক জানান, শিশুটি ইনজুরি আছে। সেটি রিপিয়ারিং করা হচ্ছে।
এদিকে দক্ষিণখান থানার ওসি শরিফুল ইসলাম বললেন, ‘ট্রিপল নাইনের মাধ্যমে কাওলা এলাকায় এক শিশুকে যৌন নির্যাতনের খবর পেয়েছি। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’




