শ্রমিক আন্দোলন
মিরপুরে পুলিশের সঙ্গে মাঠে লাঠিহাতে যুবদলও

ছবি: আগামীর সময়
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশের পাশাপাশি মাঠে অবস্থান নিয়েছেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে মিরপুর গোলচত্বরে তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। গোলচত্বরের এক পাশে পুলিশ এবং অন্য পাশে যুবদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
এদিকে সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। শ্রমিকদের আন্দোলনের কারণে ওই এলাকার যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
এমন পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুবদলের নেতারা বলছেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনে বাধা দেওয়া তাদের উদ্দেশ্য নয়। বরং আন্দোলনের সুযোগ নিয়ে যারা ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করতেই তারা মাঠে অবস্থান নিয়েছেন।
মিরপুরের যুবদল নেতা জামসেদ হোসেন বলেন, ‘আমরা সাধারণ জনগণকে প্রতিহত করছি না। যারা দেশের সম্পদ, জনগণের সম্পদ নষ্ট করছে এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আমরা তাদেরই প্রতিহত করছি। এটা সবারই দায়িত্ব।’
শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরে একদিকে শ্রমিকদের মাঠে নামার চেষ্টা, পুলিশের সতর্ক অবস্থান, অন্যদিকে লাঠিহাতে যুবদল নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।




