সৌদি আরব থেকে ছুটিতে এসেছিলেন দেশে, হোটেলে মিলল লাশ

গ্রাফিকস: আগামীর সময়
রাজু মিয়া (৩২) থাকতেন সৌদি আরবে। মৌলভীবাজারের এ বাসিন্দা ছুটি নিয়ে দেশে এসেছিলেন মাস দেড়েক আগে। দুই তিনদিন আগে উঠেছিলেন রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেলে। সেখান থেকে অসুস্থ হয়ে পড়া এই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, অ্যালকোহলের গন্ধ ছিল তার মুখে।
গতকাল মঙ্গলবার রাতে ঘটে এ ঘটনা।
রাজুকে হাসপাতালে নিয়ে যান সজিব নামের এক ব্যক্তি। তিনি জানান, তাকে অসুস্থ অবস্থায় গতকাল সাড়ে ১০টার দিকে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার এসআই রকিবুল ইসলাম বলেছেন, ‘আমরা সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে যাই। প্রাথমিকভাবে যতটুকু জানতে পারি, লোকটির বাড়ি মৌলভীবাজার। তিনি সৌদি থাকেন, মাস দেড় এক আগে ছুটিতে দেশে এসেছেন।’
দুই থেকে তিনদিন আগে পল্টন থানা এলাকার একটি হোটেলে উঠেন ওই যুবক, জানালেন এসআই রকিবুল। বললেন, ‘সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সজিব নামে একজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
‘তার মুখে ও শরীরে অ্যালকোহলের গন্ধ ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে, সে অ্যালকোহল পান করেছিল’, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
পুলিশের এই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে।



