স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী নূন্যতম বল প্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেছেন, আপনাদের স্মরণ রাখতে হবে মানবাধিকারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, তাই বলে আপনারা অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যেন সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয়, সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সব কার্যক্রম পরিচালনা করবেন।
বাহিনীটির স্বচ্ছতা নিশ্চিতে বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন সালাউদ্দিন। তিনি জানান, ভবিষ্যতে পুলিশের সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। যেন সব বিষয় রেকর্ডেড রাখতে পারি। তদন্ত, অপারেশন, সব কার্যক্রমে, সেজন্য ব্যবস্থা নেবো।
‘বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে যাচ্ছি। কিছু বডিওর্ন ক্যামেরা আমাদের আছে। ভবিষ্যতে সব পর্যায়ে যেন বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্ত, অপারেশন, সব কার্যক্রম, সব বিষয় রেকর্ডেড রাখতে পারি সেজন্য ব্যবস্থা নেবো’, ব্যাখ্যা করেন মন্ত্রী।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। যাতে আমাদের দেশের ভাবমূর্তি ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায় সে বিষয়টি মাথায় রাখতে হবে।



