রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, গতকাল রবিবার রাতে রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ ৪ জন, ডিবি ৫ জন ও এসআরইউ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিসি মো. আকতার হোসেন।




