‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, বেশি দূষণ যেখানে

ছবি: ফোকাস বাংলা
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এইকিইএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৬ গুণেরও বেশি রয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত পর্যায়ে রয়েছে আগারগাঁও এলাকায়। ১৮৮ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের সাগুফতা (১৭৮), বারিধারা পার্ক রোড (১৭৩), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৭৩), গুলশান লেক পার্ক (১৭০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৭), বারিধারা লেকসাইড (১৬০), মিরপুরের দক্ষিণ পল্লবী (১৫৯), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৯) এলাকায়। এসব এলাকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।





