মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মিরপুরে একটি পুরনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। নিহতের নাম জসিম উদ্দিন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের একজনের নাম সিরাজ ইসলাম, অন্যজনের পরিচয় মেলেনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের বক্সনগর এলাকার ৫৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ওই ব্যক্তিরা একটি পুরনো বাড়ি কিনেছিলেন। বুধবার দুপুরে বাড়িটি ভাঙার কাজ করছিলেন তারা। কাজ প্রায় শেষের দিকে ছিল। এ সময় ভাঙা বাড়িটির একটি দেয়াল এবং পাশের আরেকটি বাড়ির দেয়াল একসঙ্গে ধসে পড়ে। এতে তারা চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।’
ওসি জাহাঙ্গীর আলম আরও বললেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’





