বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়

প্রতীকী ছবি
বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউএই) ১৬৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় ঢাকার ওপরে রয়েছে মালয়েশিয়ার দুই শহর কুচিং ও কুয়ালালামপুর।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এইকিইএয়ারের সূচক থেকে জানা গেল এ তথ্য।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে বেশি রয়েছে ১৪ গুণ।
আজ সকালে সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের দক্ষিণ পল্লবীতে। ১৯৪ একিউআই স্কোর নিয়ে এলাকাটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে আগারগাঁও (১৬৭), মিরপুরের সাগুফতা (১৬৪), গুলশান লেক পার্ক (১৬২), বারিধারা পার্ক রোড (১৬১), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৬১) এবং বারিধারা লেকসাইড (১৫৯) এলাকায়। এসব এলাকাতেও বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।





