বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে পাজেরো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন রাজমিস্ত্রী মোবারক হোসেন রাজু (২৪) ও কনস্ট্রাকশন সাইট ইঞ্জিনিয়ার মো. ফরিদুল ইসলাম সরদার (৪০)।
আজ শুক্রবার দুপুর পোনে দুইটার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা নিশ্চিত করে বিমানবন্দর এসআই মো. শফিকুল ইসলাম বলেন, ভাষানটেক এলাকায় তাদের কনস্ট্রাকশন সাইট থেকে উত্তরার দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন।
দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসআই জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়িটি তাৎক্ষণিক জব্দ করা সম্ভব হয়নি।
মৃত মোবারক গাজীপুর সদর কেশুরিতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মৃত ফরিদুল গাইবান্ধা সদর রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে।



