সাংবাদিক এসএম মুন্না মিয়ার মৃত্যু

এসএম মুন্না মিয়া
দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক এসএম মুন্না মিয়া মারা গেছেন। গতকাল শনিবার রাত ৩টার দিকে রাজধানীর ধানমণ্ডি ক্লিনিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
আজ রবিবার এক বিবৃতিতে ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান শোক প্রকাশ করেন।
ডিএসইসির দপ্তর সম্পাদক জাফরুল আলম বলেন, মুন্না মিয়া ডায়বেটিকস ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বাদ জোহর বনশ্রীর ভূঁইয়াপাড়া কাঁচাবাজার মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা হয়। পরে মেরাদিয়া মধ্যপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
কর্মজীবনে মুন্না মিয়া সমকাল, জাগরণ ও নয়া শতাব্দীসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিরও (ডিআরইউ) সদস্য ছিলেন।
অমর একুশে বইমেলার সংবাদ সংগ্রহে বিশেষ পরিচিতি ছিল মুন্না মিয়ার। ২০১৪ সালের বইমেলা নিয়ে প্রতিবেদনের জন্য তিনি ‘উৎস প্রকাশন-অমর একুশে বইমেলা সেরা প্রতিবেদন পুরস্কার’ পান। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।



