মাদক-মুঠোফোন আসক্তি ঠেকাতে মাঠে ফেরার আহ্বান
- ৪ ডিসেম্বর শুরু ‘ডিএনসিসি কাপ’

সংগৃহীত ছবি
তরুণসমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মুঠোফোন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারের মন্ত্রী, সিটি করপোরেশনের প্রশাসক ও ক্রীড়া সংগঠকেরা। তারা বলেছেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে হবে। এ জন্য খেলার মাঠ দখলমুক্ত করা, অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা জরুরি।
এ লক্ষ্য সামনে রেখে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ২০২৬’। ছেলেদের পাশাপাশি মেয়েদের বিভাগেও অনুষ্ঠিত হবে এ ফুটবল টুর্নামেন্ট। দুই বিভাগে ১০টি করে মোট ২০টি দল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারটি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে টুর্নামেন্টের উদ্বোধন এবং লোগো, জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ডিএনসিসি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ছেলেদের বিভাগে অংশ নেবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান ডমিনেটর্স, উত্তর খান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্সসহ ১০টি দল। মেয়েদের বিভাগে খেলবে উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণ খান ডেশার্স, উত্তর খান টাইগ্রেস, ভাটারা ভর্টেক্স ও বাড্ডা লাইটনিংসহ ১০টি দল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও প্রকৃত উন্নয়নের অংশ। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। তরুণদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা, ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে আগামী প্রজন্মকে সুশৃঙ্খল সমাজ উপহার দিতে সরকার কাজ করছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া আয়োজন এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ‘যুবসমাজকে সুস্থভাবে গড়ে তুলতে বর্তমান সরকার চেষ্টা করছে। এ আয়োজন সেই প্রচেষ্টাকে এগিয়ে নেবে।’ ফুটবল, হকি, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফুটবল আবার প্রাণ ফিরে পাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খেলার মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কয়েকটি মাঠ সংস্কারও করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হবে জানিয়ে তিনি ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনের কর্মসূচিও ঘোষণা করেন প্রশাসক। কর্মসূচির মধ্যে রয়েছে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ জনের অংশগ্রহণে ম্যারাথন, বনানীর কামাল আতাতুর্ক মাঠে ফুলের মেলা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান এবং পরিচ্ছন্নতাকর্মীদের পুরস্কার বিতরণ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘দক্ষিণ সিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশা করি, ফুটবল আবার প্রাণের খেলা হয়ে উঠবে। দক্ষিণ সিটিতেও মেয়র কাপ শুরু করব।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ডিএনসিসি কাপের মাধ্যমে অতীতে অনেক ফুটবলার উঠে এসেছেন। আশা করি, ভবিষ্যতেও আসবেন। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এটা দারুণ একটা আয়োজন। তবে শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করা সম্ভব হবে। আশা করি, টুর্নামেন্টটি ভালো হবে।’
টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাছান কানন বলেন, ‘যুবসমাজকে সঠিক পথে রাখতে এবং মোবাইল গেম ও মাদক থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এ আয়োজন ভূমিকা রাখবে। শিশুদের জন্য খেলার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বির। এ সময় ছিলেন সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সংগঠক, বিভিন্ন এলাকার সোসাইটি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং ডিএনসিসির কর্মকর্তারা।




