অভিনেত্রী ঝিলিকের মৃত্যু : রিমান্ড শেষে স্বামী কারাগারে

সংগৃহীত ছবি
ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনায় মামলায় রিমান্ড শেষে স্বামী সাফিউল্লাহ ওরফে মহব্বতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে আসামি মহব্বতকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার এসআই কাজী আব্দুল মান্নান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর ২ টা ২২ মিনিটের দিকে হাসপাতালের ৮ তলার একটি কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে পড়ে ঝিলিকের মৃত্যু হয়। এ ঘটনায় বড় ভাই মোজাম্মেল হক শনিবার ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হাসপাতাল থেকে মহব্বতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।




