বুড়িগঙ্গা রক্ষায় কদমতলী শিল্প এলাকায় অভিযান, ৫ প্রতিষ্ঠানকে নির্দেশ

সংগৃহীত ছবি
ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষায় বুড়িগঙ্গার তীরবর্তী শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় তদারকি ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্টসহ (ইটিপি) সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরীক্ষাগারে বিশ্লেষণের জন্য কারখানাগুলো থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে ইটিপি সার্বক্ষণিক চালু রাখার তাগিদ দিয়ে প্রতিষ্ঠানগুলোকে নোটিস দেওয়া হয়।
ঢাকার চারপাশের নদীর পরিবেশ রক্ষায় গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। ওই সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী এই মনিটরিং কার্যক্রম চালানো হয়। তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে এই রোস্টারভিত্তিক অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানা গেছে।
অভিযানে মেসার্স বাহার ডাইং, খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ ও এরিস্টোফার্মা লিমিটেডসহ পাঁচটি শিল্প প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মো. মাহবুব জামিলের নেতৃত্বে অনুষ্ঠিত এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এবং ঢাকা মহানগর কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌ পুলিশের প্রতিনিধিরাও এই তদারকি কার্যক্রমে অংশ নেন।



