১ ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই ভবনে আগুন

রাজধানীর দুই এলাকার দুটি ভবনে এক ঘণ্টার ব্যবধানে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটে এসব অগ্নিকাণ্ড।
প্রথমে অগ্নিকাণ্ড ঘটে সকাল ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে। জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপেক্সের বিক্রয় কেন্দ্রের পঞ্চম ও ষষ্ঠ তলায় লাগে এ আগুন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্যিক ভবনটির ওপরের তলাগুলো থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার বলয় গড়ে তোলেন এবং কৌতূহলী জনতাকে সরিয়ে দেন।
ঘণ্টা দুয়েক চেষ্টার পর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ মেলে। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়।
ঘটনাস্থলে যাওয়ার পর ফায়ার সার্ভিস জানায়, মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে একটি পুরনো ৪ তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে।
ওই ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, আগুন ছড়াবে না বলে আশা করছেন তারা।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এই অগ্নিকাণ্ডেও কারও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








