চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার থানা ছাত্রদল নেতা

রাজধানীর আদাবরে সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগ গোয়েন্দা (ডিবি) পুলিশের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ। তার ভাষ্য, গত বুধবার রাতে আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নয়নকে। গতকাল একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে তাকে।
তবে কোন থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানিয়েছেন, ডিবি পুলিশ নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে। তবে তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও অবগত নন তিনি।



