লঘুচাপে ভারী বৃষ্টিতে ডুবল ঢাকা, পানি আর যানজটে বাড়তি ভাড়া

সাতসকালে মুষলধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে পথচারীরা। গতকাল মতিঝিল এলাকায় -মহুবার রহমান
লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে দেশ জুড়ে। গতকাল রবিবার ভোর ৪টার দিকে নামল ঢল। টানা ঘণ্টাখানেকের ভারী বর্ষণ এবং দুপুরে থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু, আবার কোথাও কোমরপানিতে ডুবে যায় সড়ক। এতে সকাল থেকে যানজট ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা। মৌচাক, মালিবাগ, রাজারবাগ, শান্তিনগর, কাকরাইল, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রায় স্থবির ছিল যান চলাচল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল রাজধানীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষজন— যোগ করল আবহাওয়া অধিদপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গ্রুপ ট্রাফিক অ্যালার্টে নিজেদের ভোগান্তির চিত্র তুলে ধরেন কেউ কেউ। মৌচাকের বাসিন্দা আশরাফ গ্রুপে লেখেন, সকাল থেকেই রাস্তায় বৃষ্টির পানিতে পুরো মৌচাক এলাকা ডুবে ছিল। এতে মৌচাক এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এমন যানজট হাঁটাও যাচ্ছে না, গাড়িতেও ঠিকমতো যাওয়া যাচ্ছে না। অফিসে পৌঁছাতে প্রতিদিনের তুলনায় অনেক বেশি সময় লাগছে।
রামপুরার বাসিন্দা বিল্লাল হোসেন তার ফেসবুক আইডিতে রামপুরার একটি ভিডিও শেয়ার করে লেখেন, রামপুরা থেকে আবুল হোটেল পার হতে তার প্রায় ৩০ মিনিট সময় লেগেছে। এরপর ফ্লাইওভারে উঠে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছে। কোনো গাড়িই নড়ছিল না। এভাবে কেটে যায় প্রায় ৪০ মিনিট।
এদিকে সড়কে পানি জমে থাকায় বাড়তি ভাড়া গুনতে হয়েছে অনেককে। আফতাব নামের একজন তার ফেসবুকে অভিযোগ করে লেখেন, শান্তিনগর থেকে মতিঝিল ৫০-৬০ টাকার রিকশা ভাড়া ১০০ টাকা দিতে হয়েছে। পানি আর যানজটের কারণে বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়— আজ সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া বুধ ও বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা।



