শুরুর কিছুক্ষণ আগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ প্রার্থীদের

হঠাৎ পরীক্ষা স্থগিতের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ছবি : আগামীর সময়
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শুরুর আগ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয় এই পরীক্ষা।
অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে দেওয়া হয়েছে এই ঘোষণা। এদিন সকাল ১১টায় যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
হঠাৎ পরীক্ষা স্থগিতের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ফার্মগেটে তেজগাঁও কলেজের সামনের সড়ক অবরোধ করেন একদল পরীক্ষার্থী। হঠাৎ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা।
নীলফামারী থেকে পরীক্ষায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন হেদায়াতুল্লাহ। তার পরীক্ষার কেন্দ্র ছিল সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।
হেদায়েতুল্লাহ জানান, পরীক্ষা দিতে এসে নির্ধারিত সময়ে প্রশ্নপত্র না পেয়ে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে শিক্ষকেরা এসে জানান, পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে তিনি হতাশ হয়ে পড়েন।
চট্টগ্রাম থেকে পরীক্ষা দিতে এসেছিলেন আশিক। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এত টাকা খরচ করে ঢাকায় এলাম। এখন এসে শুনছি, পরীক্ষা হবে না। এভাবে পরীক্ষা স্থগিত করলে আগে থেকেই জানানো উচিত ছিল।’
পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে এমন সিদ্ধান্ত নেওয়ায় যাতায়াত, থাকা-খাওয়ার খরচ এবং সময় নষ্ট হওয়ার অভিযোগ করেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আগেই জানানো হলে এমন ভোগান্তিতে পড়তে হতো না।
২৪২টি পদের এ পরীক্ষায় রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা হতো। তবে পরীক্ষার আগের রাতে সম্ভাব্য প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্ট্যাটাসও দেন।



