রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি গান কবিতায় প্রতিবাদ
- ৪ জন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেন এক নারী (বাঁয়ে)। পরে এক রিকশাচালক কালি ধুয়ে পরিষ্কার করেন -সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব এ এন এম আয়াস রয়েছেন।
গতকাল শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়। অন্য তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী।
এদিকে ঘটনার প্রতিবাদে গান-কবিতায় সাংস্কৃতিক সমাবেশ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক চারজনকে প্রথমে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে তাদের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গান-কবিতায় প্রতিবাদ
গতকাল সন্ধ্যায় ওই দেয়ালের সামনেই রবীন্দ্রনাথের গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। পাশাপাশি গ্রাফিতি মুছে ফেলার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
সমাবেশে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেছেন, ‘রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত থাকে আমাদের হৃদয়ে— দেয়ালে তাদের ছবি মুছে দিয়ে রবীন্দ্রনাথকে মুছে ফেলা সম্ভব না।’ একই কথা বললেন উদীচী শিল্পীগোষ্ঠীর জামসেদ আনোয়ার তপন।
খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা সাথী বললেন, ‘আমাদের স্বপ্নের বাংলাদেশের পথে যারা বাধা দিতে আসবে, তাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।’ চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন বললেন, তারা বাংলা সংস্কৃতির ওপর আঘাত এনেছে। সমাবেশে সংস্কৃতিকর্মী কাসেম মাসুদ, আবুল কালাম আজাদ, আরিফ নূর, একরাম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।



