বিজয় সরণিতে হাইয়েসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিজয় সরণি এলাকা। ছবি : সংগৃহীত
রাজধানীর বিজয় সরণি এলাকায় হাইয়েস গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলী (৫০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিজয় সরণি সিগন্যাল এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত ইয়াকুব আলীর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানার উলানিয়া গ্রামে। তার বাবার নাম নূর মোহাম্মদ কাজী। তিনি বর্তমানে মিরপুর-১২ পল্লবীতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে মানিক ইয়াসিন জানালেন, রাতে তার বাবা পোস্তগোলা ব্রিজ এলাকা থেকে কাজ শেষে রাইড শেয়ারিং (পাঠাও) মোটরসাইকেলের পেছনে বসে মিরপুরের বাসায় ফিরছিলেন।
বিজয় সরণি সিগন্যালে মোটরসাইকেলটি ব্রেক করলে পেছন থেকে একটি স্পোর্টস হাইয়েস গাড়ি এসে সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ইয়াকুব আলী। দুর্ঘটনার পর ওই হাইয়েস গাড়ির চালক নিজেই তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানালেন, মৃতদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।




