ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

সংগৃহীত ছবি
ফেনীতে স্বামী-স্ত্রীর দায়ের করা পাল্টাপাল্টি মামলার শুনানি শেষে উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার শুনানি শেষে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন। আদালত পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর মাসে সোনাগাজী সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মো.সুমনের সঙ্গে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের প্রায় দুই মাস পর নাসিমা চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে গেছেন বলে অভিযোগ করেন সুমনের পরিবার।
এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চুরির মামলা করেন। অন্যদিকে নাসিমা আক্তার একই আদালতে তার স্বামী মো. সুমন, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেন।
বুধবার মামলাগুলোর শুনানি শেষে বিচারক উভয় পক্ষের অভিযোগ বিবেচনায় নিয়ে স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




