যাত্রাবাড়ীতে স্ত্রীকে ৪ টুকরো করে হত্যা, স্বামী আটক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসায় শিরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ৪ টুকরো করে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আজ সোমবার যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ ফোন পেয়ে মীর হাজিরবাগের বাসাটিতে অভিযান চালানো হয়। সেখানে ঘরের ভেতর শিরিন বেগমের ৪ টুকরো মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকেই ঘাতক স্বামী দুলালকে আটক করে।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পরকীয়াসংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। পারিবারিক এ কলহের জের ধরেই রাতের কোনো এক সময়ে দুলাল এ ঘটনা ঘটিয়েছেন।
নিহত শিরিন বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামের মৃত সোহরাব আলীর মেয়ে। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে চট্টগ্রামে এবং মেয়ে গাজীপুরে থাকেন।
খবর পেয়ে স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।



