কমলাপুরে ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে রেলকর্মীই গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে গত শনিবার পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও মো. সাইমুন (২৩)।
সাখাওয়াত হোসেন রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদকও তিনি। আরেকজন সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী।
আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানালেন মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
মোহাম্মদ হারুন অর রশিদ জানালেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টা ৩৭ মিনিটের দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে শাহজাহানপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রায়হান ও সাইমুনকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহানপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পাশাপাশি জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কারা কী উদ্দেশ্যে জড়িত ছিল এবং এর সঙ্গে আরও কেউ সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরদিনও একই প্ল্যাটফর্মের ট্রেনে আগুন
গতকাল রবিবার কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এদিন রাত ৯টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত কীভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।



