পুলিশের কঠোর নজরদারির হুঁশিয়ারির মধ্যে মিরপুরে দুই বাসে আগুন

ছবি: আগামীর সময়
রাজধানীতে আবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এবার আগুন দেওয়া হয়েছে দুই বাসে, মিরপুরের পল্লবী এলাকায়। বাসগুলো রাখা ছিল পার্কিংয়ে।
আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার ফুলকলি মোড়ে বাসগুলোতে আগুন দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বাস দুটি বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের।
রাজধানীতে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বাসে আগুন দেওয়ার ঘটনা। গতকাল মঙ্গলবার রাতে শ্যামলীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
গত সোমবার ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচেও একটি বাসে দেওয়া হয় আগুন। আগুনের ধোঁয়া ঢুকে পড়ে মেট্রোরেল স্টেশনে। এসময় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৯টি বাসে আগুন দেওয়া হয়েছে। বিস্ফোরণ ঘটানো হয়েছে অন্তত ৩০টি ককটেলের। এসব ঘটনায় একজন নিহতসহ প্রায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক।
এসব নাশকতা ঠেকাতে কঠোর নজরদারির হুঁশিয়ারি দিয়েছিল পুলিশ। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (স্পেশাল ক্রাইম) মো. তোফায়েল মিয়া বলেছিলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট পোশাকে ও সাদাপোশাকে মাঠে সক্রিয় রয়েছে। নিরাপত্তা জোরদারে নজরদারি ও প্রয়োজনীয় অভিযান চলছে।’
হুঁশিয়ারির মধ্যেই পল্লবীতে দুই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
এ বিষয়ে পল্লবী থানার ওসি জালাল উদ্দীন বলেছেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাস দুটিতে সকালে কয়েকজন আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেখে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। তারা অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে বিকল্প পরিবহনের সবকটি সিট পুড়ে গেছে। ভেঙে গেছে সব গ্লাস। ক্ষতিগ্রস্ত হয়েছে মূল বডিও। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসের ক্ষতি হয়েছে তুলনামূলক কম। বাসটির পেছনের দুটি জানালার গ্লাস ভেঙেছে। পুড়ে গেছে সিট ও কভার।
বিশ্লেষকরা বলছেন, বাসে আগুনের ঘটনা ঠেকাতে পুলিশ এখন টহল, নজরদারি ও সমন্বিত নিরাপত্তায় জোর দিচ্ছে। কিন্তু ক্যামেরা সচল রাখা, ফুটেজ দ্রুত বিশ্লেষণ এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার— এই তিন ধাপেই কার্যকর অগ্রগতি না হলে শুধু নতুন ক্যামেরা স্থাপন কিংবা টহল বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে।







