অস্থিরতা ঠেকাতে নজরদারির জাল

গ্রাফিকস: আগামীর সময়
বাসে আগুনের মতো নাশকতা ঠেকাতে বিছানো হয়েছে কড়া নজরদারির জাল। নিরাপত্তা জোরদারে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সরাসরি সমন্বয়ে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাস টার্মিনাল এলাকায় নিয়মিত টহল, পরিবহন প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বিত নজরদারির পাশাপাশি প্রধান সড়কের আশপাশের ভবন ও মার্কেটের সিসিটিভি ক্যামেরা সচল করতে নেওয়া হয়েছে উদ্যোগ।
অন্যদিকে, ঢাকা জেলার সাত থানা এলাকায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলছে জেলা পুলিশ। এজন্য নেওয়া হয়েছে ১৭ কোটি ২৫ লাখ টাকার ‘ইন্টেলিজেন্ট সার্ভেইল্যান্স অ্যান্ড পাবলিক সেফটি সলিউশন’ প্রকল্প। যার আওত্তায় স্থাপন করা হবে ৫৬৯টি আধুনিক ক্যামেরা। এসব ক্যামেরায় শুধু ঘটনার ভিডিও ধারণই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রযুক্তির সহায়তায় মানুষের মুখ, পোশাক, যানবাহনের ধরন এবং নাম্বার প্লেটের বৈশিষ্ট্য ধরেও চলবে অনুসন্ধান। তবে আতঙ্ক ছড়াতে আগে থেকেই অনেক বাসের ইঞ্জিন এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে বাসের কাঠামোয় আগুন দেওয়া হচ্ছে বলে উঠে এসেছে পুলিশের অনুসন্ধানে।
জানা গেছে, রাজধানীর নজরদারি ব্যবস্থায় থাকা ক্যামেরাগুলোর কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ চলছে। গুলশান-বারিধারা সোসাইটির ১ হাজার ২০০ ক্যামেরার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে আরও ৮০০ ক্যামেরা সচল রয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে অকেজো হয়ে পড়া ক্যামেরাগুলোও সচল করার পরিকল্পনা করছে ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ফারুক আহমেদ আগামীর সময়কে বললেন, ‘গুলশান-বারিধারা সোসাইটির ১ হাজার ২০০ ক্যামেরা ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে আরও ৮০০ ক্যামেরা সচল রয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে অকেজো হয়ে যাওয়া ক্যামেরাগুলো সচল করতে বাজেটের অপেক্ষায় রয়েছে ডিএমপি। এর বাইরে প্রধান সড়কের পাশের মার্কেট ও বড় ভবনগুলোর নিজস্ব ক্যামেরা সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার (ডিসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মালিকপক্ষকে অনুরোধ করবেন। এ নিয়ে আলোচনা চলছে।’
পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও বলছিলেন, ‘পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তাদের নিজস্ব নিরাপত্তাকর্মীদের সঙ্গে ডিএমপি সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে। নিজেদের আড়াল করার সুযোগ নেই অপরাধীদের। আমাদের টহল নিয়মিত বাস টার্মিনাল এলাকায় থাকবে।’
সিআইডি কার্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্তে অগ্রগতির তথ্য জানালেন ফারুক আহমেদ। বললেন, ‘ককটেল নিক্ষেপকারীদের ফুটেজ আমরা হাতে পেয়েছি। শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
একের পর এক বাসে আগুন
ঢাকা ও আশপাশের এলাকায় বাসে একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সাভার ও ধামরাই মডেল থানা-পুলিশ তাদের আওত্তাধীন এলাকায় অগ্নিসংযোগের ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি বীমা জালিয়াতি কিংবা ব্যক্তিগত বিরোধের সম্ভাবনাও তদন্তে বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো একটি কারণকে দায়ী করে সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ।
গত ২১ সেপ্টেম্বর রাত ২টা ৪০ মিনিটে সাভারের রেডিও কলোনি স্টাফ কোয়ার্টারের কাছে ৬০ থেকে ৭০ জন একটি বাসে আগুন দেয়। তবে আগে থেকেই বাসটির ইঞ্জিন, গিয়ারবক্স এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে পার্কিং করে রাখেন মালিক হাবিবুর রহমান হৃদয়।
সাত থানা এলাকায় ৫৬৯ ক্যামেরা
নজরদারি বাড়াতে সক্রিয় ঢাকা জেলা পুলিশও, হাতে নিয়েছে বড় প্রকল্প। ‘ইন্টেলিজেন্ট সার্ভেইল্যান্স অ্যান্ড পাবলিক সেফটি সলিউশন’ নামের প্রকল্পের আওতায় সাভার, আশুলিয়া, ধামরাই, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ৫৬৯টি আধুনিক ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আনুমানিক ব্যয় ১৭ কোটি ২৫ লাখ টাকা।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন আগামীর সময়কে বললেন, ‘ঢাকা জেলাকে নিরাপদ করতে এ প্রকল্প নেওয়া হয়েছে। এজন্য একটি প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ করানো হয়েছে। প্রকল্পের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের মাধ্যমে অনুদান পাওয়ারও প্রত্যাশা রয়েছে।’
নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ঢাকার এসপির ভাষ্য, ‘প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সাভারের রেডিও কলোনির সামনে একটি বাসে আগুন দেওয়ার আগে ইঞ্জিন ও মূল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়ার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।’ বাসটির মালিক আওয়ামী লীগের নেতা বলে জানান তিনি।
জানা গেছে, প্রকল্পে ৪৫৩টি বুলেট ক্যামেরা, ৫৮টি পিটিজেড ক্যামেরা, ৪৪টি স্বয়ংক্রিয় নাম্বার প্লেট শনাক্তকরণ ক্যামেরা এবং ১৪টি ডোম ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণকেন্দ্রের পাশাপাশি সাতটি স্থানীয় বা দূরবর্তী পর্যবেক্ষণকেন্দ্র থাকবে। ক্যামেরায় ধারণ করা তথ্যের ব্যাকআপ রাখা হবে ৩০ দিন।
এসব ক্যামেরার মাধ্যমে কোনো ব্যক্তির লিঙ্গ, আনুমানিক বয়স, পোশাকের ধরন ও রঙ কিংবা যানবাহনের ধরন এবং নাম্বার প্লেটের বৈশিষ্ট্য ধরে ফুটেজ খোঁজার সুবিধা থাকবে। পিটিজেড ক্যামেরায় ৪০ গুণ অপটিক্যাল জুম এবং ৫০০ মিটার পর্যন্ত ইনফ্রারেড আলো ব্যবহারের সুবিধাও রাখা হচ্ছে। ফলে কোনো ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তির চলাচলের পথ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করা সহজ হতে পারে।
অচল ক্যামেরা সচল করাই চ্যালেঞ্জ
রাজধানীতে আগে থেকে স্থাপিত নজরদারি ক্যামেরার কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। ডিএমপির হিসাবে, গুলশান-বারিধারা সোসাইটির ১ হাজার ২০০ ক্যামেরার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে আরও ৮০০ ক্যামেরা সচল রয়েছে। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অকেজো হয়ে যাওয়া ক্যামেরাগুলো আবার চালু করতে বাজেটের অপেক্ষায় রয়েছে পুলিশ।
এ ছাড়া প্রধান সড়কের পাশের মার্কেট ও বড় ভবনগুলোর নিজস্ব সিসিটিভি ক্যামেরা সচল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার ডিসি ও ওসিরা ভবন ও মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। ডিএমপির মতে, সরকারি নজরদারির পাশাপাশি বেসরকারি স্থাপনার ক্যামেরাও সচল থাকলে অপরাধীদের শনাক্তে ফুটেজের পরিধি বাড়বে।
টহল ও সমন্বয়ে জোর
অপরাধে জড়িতদের পাশাপাশি পৃষ্ঠপোষকদের হালনাগাদ তালিকায় জোর দিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। বললেন, ‘আমাদের ফোর্সকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি কিংবা পুলিশের কোনো ইউনিট আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তাৎক্ষণিকভাবে সাড়া দিচ্ছি। ককটেল নিক্ষেপসহ বিভিন্ন অপরাধে কিশোর ও মাদকসেবীদের ব্যবহার করার প্রবণতা দেখা যায়। এ ধরনের অপরাধে জড়িতদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের হালনাগাদ তালিকা থাকা জরুরি।’ গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় থানার মাধ্যমে তল্লাশিচৌকি স্থাপন ও নিয়মিত তল্লাশি চালানোর পরামর্শও দেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (স্পেশাল ক্রাইম) মো. তোফায়েল মিয়ার ভাষ্য, ‘পুলিশের বিভিন্ন ইউনিট পোশাকে ও সাদাপোশাকে মাঠে সক্রিয় রয়েছে। নিরাপত্তা জোরদারে নজরদারি ও প্রয়োজনীয় অভিযান চলছে।’
শিল্প পুলিশের উপমহাপরিদর্শক রেজাউল হক জানালেন, আগুন নেভানোর ক্ষেত্রে শিল্পকারখানার নিজস্ব নিরাপত্তা ইউনিটের সঙ্গে সমন্বয় করা হয়। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমও চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বললেন, ‘রিঅ্যাকটিভ ছাড়া প্রোঅ্যাকটিভ কর্মকাণ্ডের সুযোগ নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের। তবে এ বিষয়ে আরও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। সবচেয়ে দুঃখের বিষয়, কিছুদিন আগে দুর্বৃত্তরা মিরপুরে ফায়ার সার্ভিসের গাড়িও ভাঙচুর করেছে। গাড়িচালককেও মারধর করেছে।’
ফায়ার সার্ভিসের তথ্য বলছে, গত বছর দেশে ১৫৩টি বাস, ২১৬টি ছোট যানবাহন এবং ১০টি ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় বাসে ১ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০, ছোট যানবাহনে ২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৩০০ এবং ট্রেনে ৪৩ লাখ ২২ হাজার টাকার ক্ষতি হয়।
বিশ্লেষকরা বলছেন, বাসে আগুনের ঘটনা ঠেকাতে পুলিশ এখন টহল, নজরদারি ও সমন্বিত নিরাপত্তায় জোর দিচ্ছে। কিন্তু ক্যামেরা সচল রাখা, ফুটেজ দ্রুত বিশ্লেষণ এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার— এই তিন ধাপেই কার্যকর অগ্রগতি না হলে শুধু নতুন ক্যামেরা স্থাপন কিংবা টহল বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে।



