সরকার চায় তরুণরা তিন থেকে চারটি ভাষা শিখুক : প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। ছবি: সংগৃহীত
তরুণরা বাংলাদেশে অবস্থান করেও যাতে বিশ্বের যেকোনো স্থানের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পায়, সেজন্য একাধিক ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। তিনি জানিয়েছেন, সরকার চায় তরুণরা তিন থেকে চারটি ভাষা শিখুক।
আজ রবিবার রাজধানীর পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে আয়োজিত ‘ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কথা জানান।
প্রেস সচিব বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্বের যেকোনো প্রান্তের তথ্য মুহূর্তেই আদান-প্রদান সম্ভব হচ্ছে। একসময় অকল্পনীয় ‘বিশ্বজোড়া পাঠশালা’ ধারণা এখন বাস্তবে পরিণত হয়েছে। তাই তরুণদের পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের জন্য একাধিক ভাষা শেখাকে অগ্রাধিকার দিতে হবে।
এ ধরনের উদ্যোগ এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গ্যাস সঙ্কটের প্রসঙ্গ টেনে আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন, আমরা গ্যাস সঙ্কটের স্থায়ী সমাধান করতে চাই। গ্যাসের জন্য সম্পূর্ণ আমদানি নির্ভর না হয়ে, নিজস্ব উৎস থেকেও গ্যাস সংগ্রহ করতে চাই যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়।
তিনি বলেন, আজকে গ্যাস, বিদ্যুৎ কিংবা তেলের যে সঙ্কট, এই তিনটাই তো ভাই-বোনের মতো। একটা অপরের সঙ্গে সম্পর্কিত। আমাদের বিদ্যুৎ চাইতে গেলে আবার গ্যাস লাগবে। গ্যাস যেখান থেকে কেনা হতো সেখানে তারা এখন বিক্রি করতে পারছে না। যুদ্ধের কারণে তারাও এখন সমস্যায় আছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বলছেন যে আমরা সরকার পরিচালনার দায়িত্বে এসেছি, আমরা কোনো অজুহাত দেখাতে চাই না। আমরা দুইটা জিনিস করতে চাই— গ্যাসের সম্পূর্ণ আমদানি নির্ভর না হয়ে নিজস্ব উৎস থেকেও গ্যাস সংগ্রহ করতে চাই। যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়। একই সঙ্গে এটার একটা স্থায়ী সমাধানও করতে চাই।
‘২০২২ সালের আগস্ট মাসে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের সময় এই বাংলাদেশেও কিন্তু অফিসের সময়ের পরিবর্তন করা হয়েছিল। সপ্তাহের কয়েক দিন স্কুলও বন্ধ রাখা হয়েছিল। একটা সরকার ২০০৯ সাল থেকে একটানা এতদিন ক্ষমতা থাকার পরেও যখন যুদ্ধ লাগল, তখন জ্বালানি সঙ্কটের কারণে তাকে যদি অফিসের সময় পরিবর্তন করতে হয়েছে। আর এই সরকার আসছে মাত্র ছয় মাস। বিগত সময়ের সকল দায় ছয় মাসের সরকারকে আপনি দিতে পারেন না। কোনো একটা জিনিসে স্থায়ী সমাধানের জন্য দায়িত্বশীল আচরণ করতে হবে’, যোগ করেন তিনি।





