বাংলাদেশ লোকাল গাইডসের ১২ বছর পূর্তি ও ৩০০তম মিটআপ উদ্যাপন

ছবি: সৌজন্য
গুগল ম্যাপসের তথ্য হালনাগাদে কাজ করা স্বেচ্ছাসেবী কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইডসের ১২ বছর পূর্তি ও ৩০০তম মিটআপ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ, প্রকৌশলী, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
আয়োজনে গুগলের আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে বাংলাদেশ থেকে ছয়জন এবং মালয়েশিয়া ও জাপানপ্রবাসী তিনজন বাংলাদেশি অংশ নেন। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত আন্তর্জাতিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন একটি দল তৃতীয় স্থান অর্জন করে।
দিনব্যাপী আয়োজনে গুগল ম্যাপসের ব্যবহার ও তথ্য হালনাগাদ নিয়ে ছয়টি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান, নতুন সড়ক যুক্ত করা, স্ট্রিট ভিউ, মানসম্মত ছবি ও পর্যালোচনা প্রকাশ এবং প্রতিবন্ধীবান্ধব স্থান ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কমিউনিটির কার্যক্রমে অবদানের জন্য স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন কমিউনিটির প্রতিষ্ঠাতা মাহাবুব হাসান। তিনি বলেছেন, ২০১৪ সালে ছোট পরিসরে শুরু হওয়া উদ্যোগটি বর্তমানে প্রায় ১৪ হাজার সদস্যের কমিউনিটিতে পরিণত হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি, গুগল ম্যাপসের তথ্যের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে কাজ করবে কমিউনিটি।
২০১৪ সালের ৭ মার্চ ‘বাংলাদেশ ইনসাইডার’ নামে কমিউনিটির যাত্রা শুরু হয়। ২০১৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ লোকাল গাইডস। ২০১৬ সালে ৫০তম মিটআপ উদ্যাপনের মধ্য দিয়ে বিশেষ আয়োজনের ধারাটি শুরু হয়। এরপর ১০০তম, ১৫০তম, ২০০তম ও ২৫০তম মিটআপ পেরিয়ে এবার ৩০০তম মিটআপ উদ্যাপন করল কমিউনিটিটি।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করেছে ম্যাজেস্টিক, বিস্টর লিমিটেড, জয় বক্স, কোডার্সহাব, টাইমস পিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠান।



