‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ ব্যবসায়ীর

সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীর কালশী এলাকায় দীর্ঘদিন ধরে হার্ডওয়্যার, ফার্নিচার, গাড়ির শোরুম ও আবাসন ব্যবসার সঙ্গে জড়িত মোহাম্মদ মাহবুব আলম শেখ। সম্প্রতি তার ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে ‘ভূমিদস্যু’ ও ‘অবৈধ দখলদার’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মাহবুব আলম শেখ দাবি করেন, সাগুফতা এম এম হাউজিং লিমিটেড বা সালাউদ্দিন গংয়ের কোনো জমি তিনি দখল করেননি। বর্তমানে যে সম্পত্তি তার ভোগদখলে রয়েছে, সেগুলোর বায়নাকৃত দলিল, খতিয়ান, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদসহ সব বৈধ কাগজপত্র রয়েছে তার কাছে।
তিনি জানান, সালাউদ্দিন গংয়ের সঙ্গে তার জমি কেনাবেচার সরাসরি কোনো সম্পর্ক নেই। মূল বিরোধ একই দাগের সম্পত্তির মালিকানা নিয়ে। মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি একই দাগের মালিকানা দাবি করছেন। অথচ তার দাবিকৃত সম্পত্তির একটি অংশ বর্তমান অবস্থান থেকে প্রায় দুই হাজার ফুট দূরের জায়গার সঙ্গে সম্পৃক্ত, যা থেকে এই বিরোধের সৃষ্টি।
বিষয়টি সমাধানের জন্য পূর্ব ও বর্তমান মালিকদের উপস্থিতিতে একাধিকবার সালিশ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মাহবুব আলম বলেন, পল্লবী থানার পক্ষ থেকেও একাধিকবার সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় বসার সুযোগ দেওয়া হয়, কিন্তু মোহাম্মদ আলী সেখানে উপস্থিত হননি। থানার প্রতিবেদন যাচাই করলেই প্রকৃত তথ্য জানা যাবে।
বিরোধের জেরে তার বিরুদ্ধে সাতটি মামলা করা হলেও কয়েকটির রায় এরই মধ্যে পক্ষে এসেছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাউনিয়া মৌজার সিএস ৩২৯০ নম্বর দাগের মালিকানা ও রেকর্ডের বিষয়টি সঠিকভাবে যাচাইয়ের দাবি জানান তিনি। বলেন, প্রাপ্ত কাগজপত্র অনুযায়ী প্রকল্পের অন্যান্য জমিসহ ছয়টি খতিয়ানের অন্তর্ভুক্ত ৩৩৮০১ নম্বর দাগের কমবেশি ২২ কাঠা জমি তারা বৈধভাবে ভোগদখল করে আসছেন। শুধু এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে কাউকে ‘ভূমিদস্যু’ বলা সমীচীন নয়।
এর আগে মোহাম্মদ আলীর করা এক সংবাদ সম্মেলনে আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন মো. আলী আকবর মামুন। তিনি বলেন, ‘আমি একজন ব্যবসায়ী, পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে সম্মানহানি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’



