অ্যাটর্নি জেনারেল
মিডিয়া ট্রায়ালের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সাধারণ সভায় বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
মিডিয়া ট্রায়ালের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অপতথ্যের বিরুদ্ধে প্রকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে ভূমিকা রাখতে হবে মূলধারার সংবাদমাধ্যমকে।’
আজ শনিবার ঢাকা ক্লাবে অনু্ষ্ঠিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সভায় অ্যাটর্নি জেনারেল বলছিলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছি। এ সময় কোনও মামলায় বা কোনও ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের বিচার ব্যবস্থার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটুক এমন কোনও রাজনৈতিক চাপ কিংবা কোনও রাজনৈতিক প্রত্যাশার কথা কেউ আমাকে বলেনি। এতে প্রমাণিত হয়, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় বর্তমান সরকার।
একসময় সাংবাদিক ছিলেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্টারের মূল কাজ হচ্ছে প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরা। আর দেশে বিচার হয় আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনও বিচার না হয় সে ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ।





