দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

গ্রাফিকস: আগামীর সময়
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে নতুন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
জানা যায়, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর নেন তিনি। এর আগে দায়িত্ব পালন করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবেও।
কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। অপর কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান সাবেক সচিব।
প্রসঙ্গত, গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগের পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে গঠন করা হয় একটি বাছাই কমিটি।
দুদক আইন অনুযায়ী, বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন তিনজনের নিয়োগের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পর পূর্ণাঙ্গ কমিশন ফিরে পেল দুর্নীতি দমন কমিশন।







