সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির অনুসন্ধানে গতি বাড়াতে কর্মকর্তা নিয়োগ

সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) আজিজ আহমেদ। ফাইল ছবি
সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) আজিজ আহমেদের জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের কাজ গতিশীল করতে তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. জাকারিয়া স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাই এবং এ সংক্রান্ত অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা ও পরিচালককে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আইন ও বিধি মোতাবেক এই যাচাই ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই সেনাপ্রধানের জমা দেওয়া মূল পূরণকৃত সম্পদ বিবরণী ২৩ পাতা এবং অপূরণকৃত মূল সম্পদ বিবরণী ৩ পাতা, ফরওয়ার্ডিং চিঠিসহ মোট ৩১ পাতার নথিপত্র বর্তমানে যাচাই-বাছাই ও পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের প্রক্রিয়ায় রয়েছে। এই অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে কমিশন।
২০২৪ সালের সেপ্টেম্বরে আজিজ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক। অভিযোগের মধ্যে ছিল ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং ক্রয়সংক্রান্ত অনিয়ম।
২০২৬ সালের জানুয়ারিতেও আদালতে দেওয়া দুদকের আবেদনে আজিজের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন এবং ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলার কথা বলা হয়।





