রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আগামীর সময় প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
আলোচনায় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা দুই সার্বভৌম দেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধন ও অংশীদারত্ব আরও সুদৃঢ় করার তাৎপর্য তুলে ধরেন।





