হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব সালাউদ্দিন নোমান চৌধুরী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র সচিব সালাউদ্দিন নোমান চৌধুরী।
বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে দেশ ছাড়ার পর শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।
এরপর প্রধানমন্ত্রীর তুরস্কের আনাতোলিয়ায় কপ সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিবের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চায় সাংবাদিকরা।
তখন পররাষ্ট্র সচিব বলেন, ‘আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নাই।’
শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আজ নয়া দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান।
চিঠিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সে লক্ষ্যেই সোমবার তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।





