জ্বালানি, বাণিজ্য ও ওষুধ খাতে সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ-আলজেরিয়া

সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুলওয়াহাব সাইদানী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, মৎস্য ও মৎস্যচাষ, জাহাজ নির্মাণ এবং জনশক্তি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করে। প্রতিমন্ত্রী দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন এবং একটি যৌথ পরামর্শক কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে স্বাগত জানান।
এ ছাড়াও, প্রতিমন্ত্রী জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার জন্য জ্বালানি, কৃষি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ এবং উচ্চ পর্যায়ের সফরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি পুনর্ব্যক্ত করেন।




