সেনানিবাসে দরবার অনুষ্ঠিত
সুষ্ঠু নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে সেনানিবাসে আয়োজিত দরবারে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় অনন্য ভূমিকা রাখায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাহিনীর অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে আজ রবিবার সেনানিবাসে আয়োজিত দরবারে এ প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
দরবারে বিশেষভাবে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে বাহিনীর অবদানকে দেশের জন্য গৌরবজনক বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সশস্ত্র বাহিনীর সদস্যদের দল-মতের ঊর্ধ্বে থেকে দেশের সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষায় অটল থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জনগণের আস্থা অটুট রাখা, সততা, দায়িত্ববোধ ও ত্যাগের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসসহ উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
এ ছাড়া ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন দেশের অন্যান্য স্থানে অবস্থানরত সদস্যরাও ।



