এইচএসসি
পুনর্নিরীক্ষণে ১৮০৬ জন জিপিএ ৫, ফেল থেকে পাস ৫৫৪৮

ফাইল ছবি
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ সোমবার একযোগে ১১টি বোর্ডের এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৮০৬ জন। এই ১৮০৬ জনের মধ্যে তিনজন শিক্ষার্থী আগে ফেল করেছিলেন। এ ছাড়া, নতুন করে গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জনের। আর নতুন করে পাস করেছেন ফেল করা ৫৫৪৮ জন শিক্ষার্থী।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এ বছর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। উত্তরপত্র ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৩৩ হাজার ৩৪৯ জনের। ফলাফল পরিবর্তনের হার ৭.৯৫ শতাংশ।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ফল পরিবর্তনের হারে সবার ওপরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর মধ্যে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা ২ দশমিক ৪৮ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র যাচাই করে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জনের আবেদনের বিপরীতে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে পরিবর্তনের হার ১২ দশমিক ১৭ শতাংশ। যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা ৭ দশমিক ২৬ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তনের হার ৭ দশমিক ৫৩ শতাংশ। বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ।
এ ছাড়া সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ৩৫৩, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এ দুই বোর্ডে ফল পরিবর্তনের হার যথাক্রমে ৯ দশমিক ৩৭ ও ৯ দশমিক ১৬ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মোট ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ২৮ হাজার ৩৬১ জনের ফল পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে পরিবর্তনের হার ৯ দশমিক ৪৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জনের আবেদনের বিপরীতে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তনের হার ২২ দশমিক ১৩ শতাংশ।




