জিয়া-খালেদা জিয়ার প্রকল্প ধরে নতুন পরিকল্পনা প্রাণিসম্পদে

গ্রাফিকস: আগামীর সময়
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ প্রকল্পগুলোকে নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গয়াল (বনগরু) ও ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে নেওয়া হচ্ছে কর্মসূচি। পাশাপাশি কুমির, সাপ ও হরিণ বাণিজ্যিকভাবে পালনের বৈধতা দিতে করা হচ্ছে আইন। এ ছাড়া দেশের সব চিড়িয়াখানা আধুনিকায়ন ও প্রাণীর টিকা আমদানিনির্ভরতা কমাতে ও উৎপাদন বাড়াতে প্ল্যান্ট বা কারখানা স্থাপনের চিন্তা করছে সরকার।
এমন বাস্তবতায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। চলবে আগামী শনিবার পর্যন্ত। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে উদযাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আগামীর সময়কে এসব তথ্য জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বললেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গয়াল বাংলাদেশের রাষ্ট্রীয় কূটনীতির অংশ হয়ে উঠেছিল। তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য এবং গুরুত্বপূর্ণ বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বিরল উপহার হিসেবে ‘গয়াল’ দিতেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বাতিল করে এ প্রকল্প। সেই ঐতিহ্য ফিরিয়ে আনবে সরকার। এরই মধ্যে গয়াল-সংক্রান্ত একটি প্রকল্প তৈরি করা হয়েছে। শিগগির তা অনুমোদনের জন্য একনেকে পাঠানো হবে। এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জেলায় জেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার গড়ে তোলা হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু আজ
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আজ শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠান ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষে প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় মেলা ও প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেরা খামারি ও উদ্ভাবকদের হাতে তুলে দেবেন পুরস্কার। প্রাণিসম্পদ খাতের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ দেওয়া হবে। এর মধ্যে ৮টি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক।
গয়াল পালনে আসছে নতুন প্রকল্প
প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিয়াউর রহমানের শাসনামলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এবং রাষ্ট্রীয় কূটনীতিতে বিশেষ ভূমিকা ছিল গয়ালের। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিএইচটিডিবি) গঠন করে পাহাড়ি অর্থনীতিকে চাঙ্গা করতে আদিবাসীদের কৃষি ও পশুপালনকে আধুনিকীকরণের উদ্যোগ নেন। তিনিই প্রথম পাহাড়ি অঞ্চলের এই অনন্য প্রাণীটির অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন করে এবং স্থানীয় পর্যায়ে গয়াল পালনে উৎসাহ দেন। তার এই দূরদর্শী পদক্ষেপের ফলেই ১৯৯০-এর দশকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গয়াল সংরক্ষণে প্রাতিষ্ঠানিক গবেষণা শুরু করার ভিত্তি পায়।
গয়াল দেখতে মহিষের মতো। গয়ালের মাংস অত্যন্ত সুস্বাদু এবং চর্বিহীন। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এদের বিচরণ। প্রতিটি গয়াল ৪০০ থেকে ৮৫০ কেজি ওজনের হয়। তৃণভোজী গয়াল বনের ভেতর দলবদ্ধ হয়ে চলাফেরা করলেও গরুর মতো পোষ মানে। প্রতিটি গয়াল দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি হয়। চট্টগ্রামের বিভিন্ন স্থানে অনেকেই গয়ালের খামার গড়ে তুলেছেন। এখন থেকে গয়াল লালন-পালনে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রতি জেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার হচ্ছে
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করবে সরকার। প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সম্প্রতি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন। মন্ত্রী বলেছেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ নিয়েছিল। ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ ও দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল উপহার দেওয়ার মতো কর্মসূচি নিয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করে। এতে করে বিলুপ্তির পথে এখন ব্ল্যাক বেঙ্গল। বর্তমান সরকার যেকোনো মূল্যে ব্ল্যাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে।
বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে প্রতি বছর গড়ে ২ কোটি ২০ লাখ ছাগল উৎপাদন হয়, যার ৯৫ শতাংশই ব্ল্যাক বেঙ্গল।
প্রাণীর টিকা আমদানি কমাতে হচ্ছে প্ল্যান্ট
আমদানিনির্ভরতা কমাতে ও দেশে উৎপাদন বাড়াতে প্রাণীর টিকা তৈরির প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্ল্যান্টের অগ্রগতি প্রসঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহজামান খান বললেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাণীর টিকা তৈরির আধুনিক প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। প্রাথমিকভাবে বগুড়ার গাবতলীতে প্রস্তাবিত প্ল্যান্টটির জন্য প্রায় ২০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর ৫ হাজার কোটি টাকার টিকা আমদানি করতে হয়। প্রস্তাবিত প্ল্যান্ট কার্যকর হলে টিকার আমদানিনির্ভরতা কমবে।



