ইনানীতে গ্যাসের আগুন কমতে লাগবে ১৫ দিন

সংগৃহীত ছবি
কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের প্রবাহ কমতে ১৫ দিন লাগতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের পরামর্শে আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক হাজার ফুট গভীরে খননের পর গ্যাস উদগীরণ শুরু হলে আগুন জ্বলে ওঠে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার রাতে পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান জানান, ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) দুই ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামী ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
তারিকুল ইসলাম খান জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের পরামর্শে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে অগ্নিনির্বাপণের পাশাপাশি গ্যাসের প্রবাহ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
ঘটনাস্থলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে, ওই এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক ভূকম্পন জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। তবে সেখানে কী পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আতঙ্কিত না হয়ে সতর্কতা মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।




