প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

গ্রেপ্তার কারকান রানা
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার বিকালে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় কারকান রানার কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এসব ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করছিল ওই প্রতারক। এ ছাড়া আরও অনেকের নামে একাধিক আইডি ও পেজ তৈরি করেছেন তিনি।
এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।







